পঞ্চগড়ের বোদায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় সমাজের অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাসহায়তায় বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেল ২টা ২০ মিনিটে বোদা উপজেলা অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এসব চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ, এমপি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ বিশেষ উদ্যোগের আওতায় উপজেলার প্রতিবন্ধী, গৃহহীন, আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশাপাশি ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিসের মতো জটিল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে এ আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।
চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “বর্তমান সরকার সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বদ্ধপরিকর। বিশেষ করে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। এই সহায়তার মাধ্যমে তারা অন্তত চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্রে খানিকটা স্বস্তি পাবেন।” তিনি সমাজের সর্বস্তরের সামর্থ্যবান ব্যক্তিদেরও দুস্থদের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে বোদা উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সমাজসেবা কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উপকারভোগীরা আর্থিক সহায়তার এই চেক পেয়ে সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক সহায়তা সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে এবং জীবনযাত্রার সংকট কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।