সিলেট নগরীতে বিতর্কিত শিলং তীর জুয়া খেলাবিরোধী পুলিশি অভিযানের সময় আতঙ্কে সুরমা নদীতে ঝাঁপ দিয়ে জজ মিয়া (৫৮) নামের এক রিকশাচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কানিশাইল এলাকায় সুরমা নদী তীরবর্তী স্থানে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা বিভাগের অভিযান চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জজ মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকার মৃত মৌল মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে নগরীর শামীমাবাদ ১ নম্বর রোডে বসবাস করছিলেন এবং পেশায় ছিলেন একজন রিকশাচালক।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ওই দিন সন্ধ্যায় কানিশাইল এলাকায় অবৈধ শিলং তীর জুয়ার আস্তানায় ঝটিকা অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা লোকজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই প্রাণভয়ে ছোটাছুটি শুরু করেন। এ সময় জজ মিয়া প্রাণ বাঁচাতে সুরমা নদীতে ঝাঁপ দেন। আশঙ্কাজনক অবস্থায় পুলিশই তাকে নদী থেকে উদ্ধার করে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়োজিত কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার (সিটিএসবি) মো. আফজল হোসেন বলেন, “গোয়েন্দা পুলিশের অভিযানকালে কয়েকজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। সে সময় জজ মিয়া নদীতে ঝাঁপ দেন। পুলিশ তাকে তাৎক্ষণিক উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠালেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহত জজ মিয়া আগে থেকেই গুরুতর হৃদরোগে ভুগছিলেন। নদীতে ঝাঁপ দেওয়ার পর নাকি আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিতে মরদেহ বর্তমানে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।