আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মানিকগঞ্জে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। এতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে করণীয় তুলে ধরে মহড়া পরিচালনা করে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
দুর্যোগের ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে মানুষকে সচেতন করতে এ কর্মসূচির আয়োজন করা হয়। এবারের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য—‘আমরা শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খায়রুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলী শাহরিয়ার, বাসিরা সুলতানা ও মো. শায়খ শিহাব উদ্দীন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলী নুর, মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া এবং সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দীন।
কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।