চৌকিদারের সুপারিশে ইউনিয়ন পরিষদ থেকে সনদ, সেই সনদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের প্রত্যয়ন—এরপর দলিত-হরিজন কোটায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ভর্তি। শিক্ষার্থী আতিকুর রহমানের কোটায় ভর্তির জন্য ব্যবহৃত সনদ সংগ্রহের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানিয়েছেন, চৌকিদারের সুপারিশের ভিত্তিতে তিনি সনদ দিয়েছেন। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেছেন, ইউনিয়ন পরিষদের দেওয়া সনদের ভিত্তিতেই উপজেলা প্রশাসন প্রত্যয়নপত্র দিয়েছে।
প্রত্যয়নপত্রে উল্লেখিত তারিখ অনুযায়ী, আতিকুর রহমান ২০২৬ সালের ১০ মে চর কিং ইউনিয়ন পরিষদ থেকে এবং ৯ জুন উপজেলা প্রশাসন থেকে দলিত-হরিজন সম্প্রদায়ভুক্তির প্রত্যয়নপত্র সংগ্রহ করেন। নোবিপ্রবিতে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে কোটায় ভর্তির নির্ধারিত সময়সীমা ছিল ৯ ও ১০ জুন। অর্থাৎ, ভর্তি কার্যক্রমের নির্ধারিত সময়সীমার প্রথম দিনেই উপজেলা প্রশাসনের প্রত্যয়নপত্রটি সংগ্রহ করা হয়।
গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদনের সময় এ ধরনের সনদ জমা দেওয়ার প্রয়োজন না হলেও কোটায় ভর্তির সময় তা জমা দিতে হয়। ফলে সনদ দুটি কখন এবং কী প্রক্রিয়ায় সংগ্রহ করা হয়েছে, সনদ দেওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ধরনের যাচাই করেছে এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি কীভাবে সেগুলো গ্রহণ করেছে—এসব প্রশ্ন সামনে এসেছে।
চৌকিদারের সুপারিশে সনদ
চর কিং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাঈম উদ্দিন আহমেদ আতিকুর রহমানের সনদে থাকা স্বাক্ষরটি তাঁর বলে নিশ্চিত করেছেন। সনদ দেওয়ার ভিত্তি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, স্থানীয় এক চৌকিদারের সুপারিশের ভিত্তিতে আতিকুরকে সনদ দিয়েছিলেন।
তবে চৌকিদার কী তথ্যের ভিত্তিতে সুপারিশ করেছিলেন, আতিকুরের সম্প্রদায়গত পরিচয় সম্পর্কে কোনো নথি বা প্রত্যক্ষ যাচাই করা হয়েছিল কি না এবং সনদ দেওয়ার আগে এলাকায় কোনো অনুসন্ধান চালানো হয়েছিল কি না—এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ইউনিয়ন পরিষদের সনদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের প্রত্যয়ন
আতিকুর রহমানকে হরিজন সম্প্রদায়ভুক্ত উল্লেখ করে উপজেলা প্রশাসনের দেওয়া প্রত্যয়নপত্রে ইউএনও রাসেল ইকবালের স্বাক্ষর রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, জনপ্রতিনিধিদের দেওয়া তথ্যের ভিত্তিতে আতিকুরকে সনদ দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদ থেকে তাঁর নামে সনদ দেওয়া হয়েছিল; সেটির ভিত্তিতেই উপজেলা প্রশাসন প্রত্যয়নপত্র প্রদান করেছে।
আতিকুর প্রকৃতপক্ষে হরিজন সম্প্রদায়ের কি না, সে বিষয়ে অভিযোগ এলে পুলিশি যাচাইয়ের মাধ্যমে পুনরায় যাচাই-বাছাইয়ের সুযোগ রয়েছে বলেও জানান ইউএনও।
উপজেলা প্রশাসনের বক্তব্য অনুযায়ী, ইউনিয়ন পরিষদের সনদই ছিল প্রত্যয়নপত্র দেওয়ার ভিত্তি। তবে প্রত্যয়নপত্র দেওয়ার আগে উপজেলা প্রশাসন আলাদাভাবে কোনো তদন্ত বা সরেজমিন যাচাই করেছিল কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।