চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ার উত্তর জেলে পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে তিনটি পরিবার। গত ২৬ সেপ্টেম্বরের এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে দৃঢ়ভাবে এগিয়ে এসেছেন চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন। তিনি নিজস্ব অর্থায়নে তিনটি পরিবারের ঘর পুনর্নির্মাণের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন।
অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে পরিবারগুলো চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে পড়ে। এমন সংকটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের খোঁজখবর নেন জসিম উদ্দিন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দুর্দশার কথা শোনেন এবং দ্রুত নতুন করে বসতঘর নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন।
জসিম উদ্দিন বলেন, দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্য। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কোনোভাবেই অসহায় অবস্থায় থাকতে দেওয়া হবে না। তারা যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে জন্য তিনি নিজস্ব অর্থায়নে তাদের ঘর নির্মাণের দায়িত্ব নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েন। ঘরবাড়ি হারিয়ে পরিবারগুলোর স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণভাবে ব্যাহত হয়। এমন কঠিন সময়ে ঘর পুনর্নির্মাণের দায়িত্ব নেওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।
এ উদ্যোগের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জসিম উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে এ ধরনের কার্যকর সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয় এবং পরিবারগুলোকে দ্রুত ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ ইসমাইল, জলদাস পাড়ার জীবনদাস, বিপ্লব কুমার দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অন্যান্য নেতৃবৃন্দ।