স্বাস্থ্যসেবা, খাদ্য বিতরণ, বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কার্যক্রম
মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানিকগঞ্জে বিভিন্ন সেবামূলক কর্মসূচি পালন করছে লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, খাদ্য বিতরণ, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রম।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে জেলা শহরের নারাঙ্গাই এলাকার ন্যাশনাল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী।
লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটির সভাপতি প্রকৌশলী ড. মোহাম্মদ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়ারম্যান লায়ন মো. সামসুর রহমান, লায়ন এজাজ আহমেদ, লায়ন মাহবুবুর রহমান মামুন, লায়ন শিউলী আক্তার, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান লিটন, মানিকগঞ্জ সিআরপির অধ্যক্ষ মো. মাহবুবুল ইসলাম এবং নওখন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাকিম আলী।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় এবং বিনামূল্যে থেরাপি চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি মাদকাসক্তি ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, বৃক্ষরোপণ এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের সৃজনশীলতা বিকাশে আয়োজন করা হয়েছে পোস্টার প্রতিযোগিতারও।
আয়োজকেরা জানান, মানবকল্যাণে সামাজিক দায়বদ্ধতা থেকে এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণে উৎসাহ সৃষ্টি এবং শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশে ভূমিকা রাখা সম্ভব হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।