শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জ পৌরসভার ৩২টি পূজামণ্ডপকে ৭ হাজার ৫০০ টাকা করে অনুদান দিয়েছে মানিকগঞ্জ পৌরসভা। দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর এবার আবারও এ অনুদান কার্যক্রম চালু করা হয়েছে।
বুধবার ৭ই অক্টোবর ২০২৬ ইং বিকেলে পৌরসভা মিলনায়তনে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে অনুদানের নগদ অর্থ তুলে দেওয়া হয়।
পৌরসভার প্রশাসক মৌসুমি সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, পৌর নির্বাহী কর্মকর্তা মো. অহিদুল মিয়া, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী আবুল হাসান, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সভাপতি কালীপদ ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির সভাপতি প্রণব কুমার শিকদার দুলাল ও সাধারণ সম্পাদক রুহিদাস তরফদারসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
সভায় মাদকের ব্যবহার নিষিদ্ধ রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পূজামণ্ডপে বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।
সভায় জানানো হয়, পূজামণ্ডপে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে মানসম্মত বৈদ্যুতিক তার ব্যবহার করে সঠিকভাবে ওয়্যারিং করতে হবে। ঝুলন্ত, জোড়াতালি দেওয়া কিংবা কাটা-ছেঁড়া তার ব্যবহার করা যাবে না। বৈদ্যুতিক মিটারে অতিরিক্ত লোড সংযোগ না দেওয়ার জন্যও সতর্ক করা হয়।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পল্লী বিদ্যুতের টিম নিয়োজিত থাকবে। প্রয়োজনে বিকল্প ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ স্থানে জেনারেটর রাখার পরামর্শ দেওয়া হয়। গেট ও তোরণ নির্মাণের সময় বৈদ্যুতিক খুঁটি ও তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশনাও দেওয়া হয়।
কোনো কারণে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হলে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। প্রয়োজনে ০১৯৭৬৯৪০২৫৫০ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়।
পৌরসভার প্রশাসক মৌসুমি সুলতানা বলেন, ‘আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে রাস্তাঘাট মেরামত ও স্ট্রিট লাইট স্থাপন করা হয়েছে। গত দুই বছর এ অনুদান দেওয়া বন্ধ ছিল। এবার থেকে আবার চালু করা হয়েছে। আশা করি, ভবিষ্যতেও এ অনুদান প্রদান অব্যাহত থাকবে। পূজা সুন্দরভাবে সম্পন্ন করতে সবার সার্বিক সহযোগিতা চাই।’
সভায় পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।