মো. ইলিয়াস মিয়া,বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর ছাত্রদলের অতর্কিত হামলার ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ও মৌনমিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।
সোমবার (৬ অক্টোবর) চবির শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে চবিতে কর্মরত সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনার থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত মৌনমিছিল করেন।
চবিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাজ আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ-সভাপতি আজিম সাগর, সাবেক সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ শুভ্র এবং সদস্য রেদ্ওয়ান আহমদসহ আরও অনেকেই।
সোহেল রানা বলেন, “৫ আগস্টের আগে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল ঢুকতে করতে পারত না। তাদের কার্যক্রম তুলে ধরতো এই ক্যাম্পাস সাংবাদিকরাই। কিন্তু এখন তারা সেইসব সাংবাদিককে প্রতিপক্ষ ভাবা শুরু করেছে।”
তিনি আরও বলেন, “নির্বাচনের পর বর্তমান সময়ে ক্যাম্পাস সাংবাদিকরা আবারও হামলার শিকার হচ্ছেন। কিন্তু এইসব হামলার বিচার হচ্ছে না। আমরা সাংবাদিকদের উপর হামলার দৃষ্টান্তমূলক বিচার চাই।”
আজিম সাগর বলেন, “১২ই ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক অগ্রযাত্রায় আরো এগিয়ে যেতে চেয়েছিলান। কিন্তু তার প্রধান বাধা হিসেবে ছাত্রদল নেতা-কর্মীরা সাংবাদিকদের উপর হামলা করছেন, সাংবাদিকদের মুখ চেপে ধরছেন। একটা গণতান্ত্রিক দল হিসেবে এটা তাদের লজ্জার।”
রেদ্ওয়ান আহমদ বলেন, “সরকার যদি এভাবে একে একে সবাইকে অপছন্দের পাত্র বানিয়ে ফেলে, এটা তার জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। সুতরাং, সরকারের নিজের জন্যই তার দলের উগ্র নেতা-কর্মীদের লাগাম টানা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং সাংবাদিকসহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা উচিত।”
এসময় মানববন্ধন থেকে সরকারের প্রতি তিন দফা দাবি উত্থাপন করেন। সেগুলো হলো—
১। দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২। রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার ঘটনা নিরপেক্ষ ও বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
৩। চবিসহ সকল ক্যাম্পাস সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিতে সব স্টেকহোল্ডারের অংশগ্রহণে একটি নীতিমালা প্রণয়ন ও তার কার্যকর বাস্তবায়ন করতে হবে।
মো. ইলিয়াস মিয়া
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
মুবাইল নম্বর: ০১৬০১-১১৭২৭০