প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলির কথিত রাজনৈতিক পরিচয় এবং সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পদে নিয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আল্লামা ইমাম হায়াতের দাবি, সালেহ শিবলির রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসায় সুন্নী মতাদর্শের অনুসারী এবং প্রগতিশীল ও গণতান্ত্রিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি সরকারের গুরুত্বপূর্ণ পদে রাজনৈতিক আদর্শ ও সংশ্লিষ্টতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।
তিনি অভিযোগ করেন, সরকারের গুরুত্বপূর্ণ তথ্য ও যোগাযোগ-সংশ্লিষ্ট পদে এমন ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হলে রাষ্ট্রের গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক কাঠামো নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। একই সঙ্গে তিনি তথ্য মন্ত্রণালয়ে আরও কয়েকজনের নিয়োগ নিয়েও আপত্তি জানান।
আল্লামা ইমাম হায়াত বলেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। এ পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির রাজনৈতিক ও আদর্শিক অবস্থান সরকারের ভাবমূর্তি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় নীতিতে প্রভাব ফেলতে পারে বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে রাষ্ট্র, ধর্মীয় স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করতে হয়। তাই সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজনৈতিক অবস্থান, আদর্শ ও অতীত ভূমিকা বিবেচনা করা প্রয়োজন।
ধর্ম প্রতিমন্ত্রীর রাজনৈতিক ও মতাদর্শিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন আল্লামা ইমাম হায়াত। তাঁর দাবি, সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে কোনো উগ্রবাদী বা সাম্প্রদায়িক রাজনৈতিক মতাদর্শের প্রভাব থাকা রাষ্ট্র ও গণতন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে।
নিজেদের রাজনৈতিক দর্শন তুলে ধরে তিনি বলেন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব কোনো একক ধর্ম, মতবাদ বা গোষ্ঠীর আধিপত্যের রাজনীতির বিরোধী। সংগঠনটি সব ধর্ম ও মতপথের মানুষের সমান নিরাপত্তা, স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করার ভিত্তিতে মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে।
তিনি বলেন, ধর্মের নামে কোনো একক গোষ্ঠীর রাজনৈতিক মতবাদ রাষ্ট্রের ওপর চাপিয়ে দেওয়া হলে তা ধর্মীয় স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের জন্য ক্ষতিকর হতে পারে।
আল্লামা ইমাম হায়াত আরও বলেন, সব ধর্ম ও মতের মানুষের সমান অধিকার, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করাই একটি মানবিক রাষ্ট্রের মূল ভিত্তি হওয়া উচিত। একই সঙ্গে তিনি ধর্মের নামে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও স্বৈরাচারী রাজনীতির বিরোধিতা করেন।