জাহিদুল ইসলাম মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের ডাসার উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের নবগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবু বিভূতি ভূষণ বাড়ৈকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ডাসার থানা পুলিশের একটি বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ডাসার থানা পুলিশ অভিযান চালিয়ে নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভূতি ভূষণ বাড়ৈকে আটক করে। পরবর্তীতে তাকে গ্রেফতার দেখিয়ে ডাসার থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।