জাহিদুল ইসলাম,মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজৈর ও মাদারীপুর সদর থানা এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে রাজৈর উপজেলার ঘোষালকান্দি এলাকায় একটি টিনের তৈরি কাচারিঘরে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় আসাদ মাতুব্বর (২৩), নবীন শেখ (২০) ও আলমগীর শেখ (২৮) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে, একই দিন রাত ৯টা ৪৫ মিনিটে মাদারীপুর সদর মডেল থানার গৈদী এলাকার সার্বিক ফিলিং স্টেশনের সামনে অভিযান চালানো হয়। এ সময় আফজাল জামান (২১), মেহরাব হোসেন চয়ন (২২), শামীম মোল্লা (২৮) ও ফারদিন আহমেদ শুভ (২৮) নামে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
মাদারীপুরের পুলিশ সুপার মো. ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে এসব ইয়াবা উদ্ধার ও সাতজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।