চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কোরবান আলী রিফাত (১৭) নামে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রিফাত উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাজলীপাড়া গ্রামের মো. ইউনুসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার থেকে জ্বরে আক্রান্ত হয় রিফাত। সোমবার সকালে তাকে ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, রিফাতের মৃত্যু নিয়ে গত ১০ দিনের ব্যবধানে সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই শিশুসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা এলাকায় মো. মুজাহিদুল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়। ১৫ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায় মির্জানগর এলাকার মো. রাফসান। এরপর ১৭ সেপ্টেম্বর সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকার পাঁচ বছর বয়সী শিশু সিরাজুল মনিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সীতাকুণ্ড উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৪২৭ জন। একের পর এক মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে ডেঙ্গু নিয়ে উদ্বেগ বাড়ছে।
স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় পরীক্ষা করানো জরুরি। পাশাপাশি বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার ও মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।