আজহার হোসেন,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
দেশ ও সমাজের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, মাদক ব্যবসা, অপরাধ এবং জনদুর্ভোগের চিত্র জনগণের সামনে তুলে ধরতে গিয়ে সাংবাদিকরা প্রায়ই হুমকি, ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হচ্ছেন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় দৈনিক সরেজমিন বার্তার মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি প্রান্তোষ ভট্টাচার্য্য।
তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারণে অনেক সাংবাদিককে সামাজিক, মানসিক এমনকি শারীরিক ঝুঁকিও মোকাবিলা করতে হচ্ছে। এতে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
প্রান্তোষ ভট্টাচার্য্য আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাদের প্রকাশিত সংবাদ ও তথ্যের মাধ্যমে সাধারণ মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারেন। পাশাপাশি অপরাধ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জনমত গড়ে ওঠে। তবে অনেক সময় অসাধু চক্র ও অপরাধীরা সংবাদকর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত করে।
সাংবাদিক নেতৃবৃন্দ ও সচেতন মহলের মতে, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ব্যাহত হতে পারে। তাই সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও হয়রানির ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
সাংবাদিকদের ভাষ্য, “আমরা সমাজের কল্যাণে এবং সত্য প্রকাশের স্বার্থে কাজ করি। তাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।”
সচেতন নাগরিকরাও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।