নিজস্ব প্রতিবেদক মোঃ মামুন রহমান
পঞ্চগড় সুগার মিল পরিদর্শন করেছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির।
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ দুপুরে মিল পরিদর্শনকালে তিনি সুগার মিলের সার্বিক কার্যক্রম, বর্তমান অবস্থা, উৎপাদন ব্যবস্থা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। একই সঙ্গে মিলের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে মিলটির বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় মিলের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
পঞ্চগড়ের কৃষি, আখচাষি ও শিল্পখাতের উন্নয়নে পঞ্চগড় সুগার মিলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মিলটির উৎপাদন ও কার্যক্রম আরও সম্প্রসারিত করা গেলে স্থানীয় আখচাষি, শ্রমিক ও সংশ্লিষ্টদের কর্মসংস্থানের সুযোগ বাড়ার পাশাপাশি জেলার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পরিদর্শন শেষে পঞ্চগড়ের উন্নয়ন, কৃষকের স্বার্থ সংরক্ষণ এবং সাধারণ মানুষের কল্যাণে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।