টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের তিনদিন পর নুরুন্নাহার আক্তার স্বপ্না (৪৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধলাপাড়া এলাকায় বংশাই নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নুরুন্নাহার আক্তার স্বপ্না (৪৮) ঘাটাইল উপজেলার বড়মেধা গ্রামের বাসিন্দা এবং আকন্দের বাইদ মাদ্রাসার সুপার সৈয়দ মোস্তফা বারেকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত (১২ সেপ্টেম্বর) নিজ বাড়ি থেকে বাজারে ওষুধ আনতে যাওয়ার সময় সরিষা আটা এলাকায় নিখোঁজ হন নুরুন্নাহার আক্তার স্বপ্না। এরপর পরিবারের পক্ষ থেকে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়।
এ ঘটনায় নিহতের স্বামী সৈয়দ মোস্তফা বারেক গত ১৩ সেপ্টেম্বর ঘাটাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মঙ্গলবার সকালে গাংগাইর কদমতলী দক্ষিণপাড়া এলাকার মিনজুলের বাড়ির পাশে বংশাই নদীতে ভাসমান অবস্থায় ওই গৃহবধূর লাশ দেখতে পান পরিবারের সদস্য ও স্থানীয়রা। পরে বিষয়টি ঘাটাইল থানায় জানানো হলে ধলাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মো. মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের জন্য টাঙ্গাইলে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।