পঞ্চগড় জেলা শহরে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বের হওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে প্রায় দুই ঘণ্টা ধরে চলা উত্তেজনা ও সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে জেলা শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড থেকে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থকরা একটি মিছিল বের করেন। মিছিলটি এমআর কলেজ মোড়ে পৌঁছালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ শুরু হয়। এ সময় লাঠি হাতে দুই পক্ষের নেতাকর্মীদের মহাসড়কে অবস্থান নিতে দেখা যায়।
সংঘর্ষের ঘটনায় মুহূর্তেই শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷
প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে রোকনুজ্জামান জাপান (৩৫), আব্দুল বাতেন (৪০), শামীম (২৮), জীবন (২২), সাফাত কবির (২১), সাক্ষর (১৮), পাক্কু (২২), ময়নুল (২৮), তপু (১৮), মিলন (১৮), সৌমিক (১৯), ফরহাদ (১৮), করিম আখতার (৪৪), জিসান (১৭) ও নুরনবী চৌধুরী (৩৮) রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী রয়েছেন। আহত ১১ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।