ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং বাসচালক রয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে জেলার মুহুরীগঞ্জ এলাকার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
ফাজিলপুর হাইওয়ে থানার এসআই আবু নোমান জানান, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। পরে সেটিকে একটি লং ভেহিক্যালের সঙ্গে বেঁধে নেওয়ার চেষ্টা চলছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং বাসচালক ঘটনাস্থলেই মারা যান। আহত ব্যক্তিকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনায় জড়িত তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট বিষয়ে হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।