ফেনীর পরশুরামে জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং দেশীয় মাছের বিভিন্ন প্রজাতি সংরক্ষণের লক্ষ্যে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) পরশুরাম পৌর ভূমি অফিসের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, পরশুরাম, ফেনীর বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির পোনামাছ জলাশয়ে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া, সহকারী কমিশনার (ভূমি) এস এম সাফায়েত আখতার নূর, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ফরাদ ভূঁইয়া, কৃষি কর্মকর্তা মতিউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, সরকারের মৎস্যসম্পদ উন্নয়ন কর্মসূচির আওতায় জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে পর্যায়ক্রমে পোনামাছ অবমুক্ত করা হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় মাছের প্রাপ্যতা নিশ্চিত করা এবং বিভিন্ন বিলুপ্তপ্রায় ও দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ করা সম্ভব হবে।
মৎস্য বিভাগের তথ্যমতে, চলতি বছর পরশুরাম উপজেলায় ২১টি প্রতিষ্ঠান ও একটি খালে মোট ২৯৭ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ কর্মসূচির ফলে স্থানীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, দেশীয় প্রজাতির মাছের বিচরণ ও প্রজননের সুযোগ বাড়বে এবং মৎস্যসম্পদ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।