নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮১৭ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশের একটি দল উপজেলার দেওয়ালকুড়ি (রামরামপুর) এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে নিজ বাড়ি থেকে মোঃ সিরাজুল ইসলাম (৪০), পিতা—মৃত এরফান আলী এবং তার স্ত্রী মোছাঃ ডলি খাতুন (৩৫)কে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৮১৭ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী বেশ কিছুদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।