ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের মালামাল জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।
বুধবার (২৬ আগস্ট) একরাতব্যাপী এ বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, মোবাইল ডিসপ্লে, চকলেট ও সিরামসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে বিভিন্ন অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্তের বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
জব্দ করা মালামাল পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।