শনিবার (২২ আগস্ট ২০২৬) সকাল ১০টা ২৭ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় রাষ্ট্রপতি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতিকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রপতি গার্ড অব অনার পরিদর্শন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন-বইয়ে স্বাক্ষর করেন।
পরিদর্শন-বইয়ে রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
রাষ্ট্রপতি তাঁর মন্তব্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে একটি শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিদর্শন শেষে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি উদয় পদ্ম বৃক্ষের চারা রোপণ করেন। এর মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়েরও প্রতীকী বার্তা দেওয়া হয়।
পরে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।
রাষ্ট্রপতির জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের এ কর্মসূচিকে কেন্দ্র করে সেখানে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধার পরিবেশ সৃষ্টি হয়।