বগুড়ার শিবগঞ্জে জমিতে রাস্তা নির্মাণের উদ্দেশ্যে মাটি ভরাটে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. আলাউদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এতে তাঁর বাম পায়ের হাড় ভেঙে গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন তাঁর বাবা মো. আবু বক্কর।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের আপসুন গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওইদিনই শিবগঞ্জ থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন আহত আলাউদ্দিনের বাবা মো. আবু বক্কর। অভিযুক্তরা হলেন—আপসুন গ্রামের মো. মোস্তফা, মো. মিনহাজুল ইসলাম, মো. আজিজুল হক ও মো. মজিবর রহমান।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আপসুন মৌজায় ১৭ শতক জমি প্রায় ৩৯ বছর আগে মো. রশিদের কাছ থেকে কিনে ভোগদখল করে আসছেন আবু বক্কর। মঙ্গলবার সকালে অভিযুক্তরা ওই জমির পূর্ব পাশে রাস্তা নির্মাণের উদ্দেশ্যে মাটি ভরাট শুরু করেন। এ সময় আবু বক্কর ও তাঁর ছেলে আবু হাসান মাটি ভরাটে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।
অভিযোগে আরও বলা হয়, খবর পেয়ে আলাউদ্দিন ঘটনাস্থলের দিকে যাওয়ার সময় মো. মোস্তফা ও মো. মিনহাজুল ইসলাম তাঁর পথরোধ করেন। একপর্যায়ে মোস্তফা তাঁকে জাপটে ধরেন এবং মিনহাজুল লোহার রড দিয়ে তাঁর বাম পায়ে আঘাত করেন। এতে তাঁর পায়ের হাড় ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া মো. আজিজুল হক বাঁশের লাঠি দিয়ে আলাউদ্দিনের কোমরের নিচে একাধিক আঘাত করেন এবং মো. মজিবর রহমানও তাঁকে মারধর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহত আলাউদ্দিনের পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।