• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

ক্ষমতার পালাবদলে নেতাদের অবস্থান বদল, বদলায়নি চা শ্রমিকের দুর্দশা

তিমির বনিক / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে চা বাগানগুলোতে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। তবে নির্বাচনী প্রচারে শ্রমিকদের মজুরি, রেশন, ভূমির অধিকার, সামাজিক নিরাপত্তা কিংবা জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে রাজনৈতিক পরিচয় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।

প্রার্থীদের মধ্যে কে আওয়ামী লীগের অনুসারী, আর কেউবা বিএনপি’র ঘনিষ্ঠ তা নিয়েই চলছে বেশি আলোচনা ও কাদা ছুড়াছুড়ি। এতে শ্রমিকদের মৌলিক অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো অনেকটা আড়ালে পড়ে যাচ্ছে বলে মনে করছেন শ্রমিকরা।

চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচারণায় তারা নিজেদের অধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করলেও রাজনৈতিক বিতর্কই বেশি শুনছেন। এতে সাধারণ শ্রমিকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের কালিঘাট চা বাগানের শ্রমিক অরুণ তাঁতি বলেন, ‘আমাদের চা বাগানে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা এসেছেন। সবাই এসে প্রচারণা চালাচ্ছেন। কিন্তু তাদের প্রচারণায় একে অপরকে গালাগাল ও রাজনৈতিকভাবে আক্রমণ করতেই বেশি দেখা যাচ্ছে। অথচ আমাদের অধিকার নিয়ে কেউ কোনো কথা বলছেন না। বিষয়টি দেখে আমি অবাক হয়েছি। এর কারণ কী? আমরা কি শ্রমিক নই? আমাদের অধিকার নিয়ে কথা বলার কেউ কি নেই?’

কালিটি চা বাগানের শ্রমিকনেতা দিলীপ কুমার দাস বলেন, ‘নির্বাচন এলে নেতারা ভোট চাইতে আসেন, কিন্তু আমাদের অধিকার নিয়ে কথা বলেন না। কে কোন দলের, কে কার লোক, তা নিয়েই তাদের ব্যস্ততা। আমরা রাজনৈতিক পরিচয় নয়, আমাদের অধিকার ও ন্যায্য মজুরির নিশ্চয়তা চাই।’

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি প্রার্থী পঙ্কজ কন্দ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্নজন বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। কেউ আওয়ামী লীগের ট্যাগ দিচ্ছেন, আবার কেউ বিএনপি’র ট্যাগ লাগাচ্ছেন। তবে তারা কোনো রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, শ্রমিকদের পক্ষে কাজ করতে চান বলে জানান তিনি।

পঙ্কজ কন্দ বলেন, ‘আমরা চাই, নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত হোক এবং একটি সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক। যারা নির্বাচনকে ঘিরে এ ধরনের রাজনৈতিক ট্যাগিং ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন, তা মোটেও কাম্য নয়। আমরা চাই, সব পক্ষের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক।’

নিজের প্রার্থিতার বিষয়ে তিনি বলেন,‘আমি আগে সহ-সভাপতি ছিলাম কোন ধরনের উদ্যোগ নিতে পারতাম না। তাই নিজেই সভাপতি পদে নির্বাচন করছি, যেন চা শ্রমিকদের উন্নয়নে সরাসরি সিদ্ধান্ত নিতে পারি।’

অন্যদিকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজু গোয়ালা তার প্রতিদ্বন্দ্বীর অতীত দায়িত্ব পালনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, তার প্রতিদ্বন্দ্বী বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত সভাপতি ও সভাপতির দায়িত্বে ছিলেন। কিন্তু আট বছর দায়িত্ব পালনের সময়ে উল্লেখ করার মতো কী কাজ হয়েছে বা করেছেন, তা শ্রমিকদের সামনে তুলে ধরা প্রয়োজন।

রাজু গোয়ালা বলেন, ‘আমি সিলেট ভ্যালির সভাপতি থাকাকালে সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে এলাকার চা শ্রমিকদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি।’

প্রতিদ্বন্দ্বী প্রার্থী শ্রমিকদের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখেননি বলেও অভিযোগ করেন রাজু। তার দাবি, ওই প্রার্থী কয়েকজন নেতার অনুসারী হিসেবে থেকেছেন এবং মালিকপক্ষের সঙ্গে সখ্যতা বজায় রেখেছেন। আগে সভাপতি থাকার পরও শ্রমিকদের স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা দেখাতে না পারলে এখন কিভাবে তা দেখাবেন, সেই প্রশ্নও তুলেন তিনি।

রাজু গোয়ালার অভিযোগ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করা শ্রমিকদের ওপর দলবদ্ধভাবে হামলা ও মারধর করা হয়েছিল। শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করতেই পারেন, তাই বলে তাদের ওপর হামলার কোনো যৌক্তিকতা নেই। ২০২২ সালে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে তিনি সর্বোচ্চ ভূমিকা রেখেছেন বলেও দাবি করেন। তবে ওই সময়ে তার প্রতিদ্বন্দ্বীরা আড়ালে ছিলেন বলে অভিযোগ তার।

রাজু আরও বলেন, এখন কেউ কেউ বিএনপি’র সমর্থক হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছেন। অথচ আওয়ামী লীগ সরকারের আমলে তারা বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালিয়েছেন এবং ভোট চেয়েছেন। এ অবস্থায় রাজনৈতিক পরিচয় নিয়ে একে অপরকে কটাক্ষ না করে প্রার্থীদের যোগ্যতা ও কাজের মূল্যায়ন করা উচিত বলে জানান তিনি।

তিনি বলেন, এসব বিষয় শ্রমিকেরা দেখছেন ও জানেন। সভাপতি নির্বাচিত হলে শ্রমিকদের কল্যাণে আরও বড় পরিসরে কাজ করতে পারবেন বলে তিনি বিশ্বাস করেন।

চা শ্রমিক ঐক্যের উপদেষ্টা সঞ্জয় দাস বলেন, আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন ভ্যালি কমিটিতে প্রার্থী হওয়া ব্যক্তিদের অনেকেই অতীতে ইউনিয়নের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। অথচ তাদের দায়িত্ব পালনকালে গত আট বছর নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

সঞ্জয় দাস বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে তাদের অনেকেই সরকারের বিভিন্ন পদ-পদবিতে ছিলেন। আবার সরকার পরিবর্তনের পর বিএনপি ক্ষমতায় আসার পরও তাদের অনেককে নতুন সরকারের সঙ্গে বিভিন্নভাবে সম্পৃক্ত হতে দেখা যাচ্ছে।

তবে চা শ্রমিকদের স্বার্থরক্ষা, মজুরি বৃদ্ধি, ভূমির অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মতো মৌলিক দাবি আদায়ে তাদের কার্যকর ভূমিকা খুব একটা দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি। বরং শ্রমিকদের স্বার্থের চেয়ে সরকার ও মালিকপক্ষের সহানুভূতি পাওয়ার প্রতিই তাদের বেশি আগ্রহ ছিল বলে মনে করেন তিনি।

সঞ্জয় দাস বলেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কোনো রাজনৈতিক দলের অঙ্গসংগঠন নয়। এটি চা শ্রমিকদের নিজস্ব সংগঠন। সরকার ও দলীয় প্রভাবমুক্ত থেকে শ্রমিকদের স্বার্থ রক্ষা করাই এই সংগঠনের মূল দায়িত্ব।

তার দাবি, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে চা শ্রমিক ইউনিয়ন ও আওয়ামী লীগের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়েছিল। এতে ইউনিয়নের নিজস্ব স্বকীয়তা, সাংগঠনিক শক্তি ও স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা বাধাগ্রস্ত হয়েছে।

এবারের নির্বাচনে সাধারণ চা শ্রমিকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা চা শ্রমিক ইউনিয়নকে নিষ্ক্রিয় কিংবা সরকারদলীয় প্রতিষ্ঠানে পরিণত করতে চান, তাদের বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকতে হবে। এমন নেতৃত্ব নির্বাচন করতে হবে, যারা যেকোনো পরিস্থিতিতে সরকার ও মালিকপক্ষের সঙ্গে দর-কষাকষি করে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে দৃঢ় ভূমিকা রাখতে পারবেন।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজারের সাধারণ সম্পাদক রজন বিশ্বাস বলেন, চা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্রায় সবাই আগের কমিটিতে ছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, শ্রমিকদের স্বার্থের চেয়ে মালিকপক্ষের স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছেন। এ কারণে শ্রমিকদের মৌলিক অধিকার নিয়ে তাদের জোরালো বক্তব্য কিংবা কার্যকর ভূমিকা খুব একটা দেখা যায়নি, বরং রাজনৈতিক বিষয়ে তারা বেশি সক্রিয় ছিলেন বলে জানান তিনি।

রজন বিশ্বাস বলেন, যে সরকার যখন ক্ষমতায় থাকে, তখন অনেক নেতা নিজেদের সেই ক্ষমতাসীন দলের অনুসারী হিসেবে পরিচয় দেন। এমনকি নেতাদের নির্বাচনী প্রচারণায়ও অংশ নেন। কিন্তু শ্রমিকদের অধিকার আদায়ে তাদের ভূমিকা কতটা কার্যকর, তা নিয়ে সব সময় প্রশ্ন থেকে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা