নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি উপেক্ষা করে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মাদারীপুর-৩ (আসন নং ২২০) আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার জানিয়েছেন, মাদারীপুর-৩ আসনের কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি এবং ভবিষ্যতেও কোনো বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না। তাঁর কড়া নির্দেশনায় আগামী ১ তারিখ পর্যন্ত বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিয়মিতভাবে মাঠে থেকে সড়ক পাহারা দেবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, জনগণের ভোগান্তি রোধ এবং মহাসড়কে নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থা বজায় রাখতে এমপি আনিসুর রহমান খোকন তালুকদারের স্পষ্ট নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে সহায়তা করছেন এবং ১ তারিখ পর্যন্ত এই তৎপরতা অব্যাহত রাখবেন।
এদিকে, মহাসড়কে স্বাভাবিক পরিবেশ বজায় থাকায় সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের মাঝে স্বস্তি দেখা গেছে। স্থানীয় প্রশাসনের নিয়মিত টহলের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সতর্ক অবস্থানের ফলে যাত্রীরা নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন।