ফেনীর দাগনভূঞা উপজেলার আলাইয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে সংঘটিত এ ঘটনায় বিদ্যালয়ের বিভিন্ন কক্ষের তালা ভেঙে সিসি ক্যামেরা, ডিবি বক্সসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে বিদ্যালয়ের মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে ক্ষতিসাধন করা হয়েছে।
বিদ্যালয়টি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়ির সামনে অবস্থিত। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৩০৩ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাধ্যমে পরিচালিত হচ্ছে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।
বিদ্যালয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা রাজমিস্ত্রির কোদাল ও স্ক্রু ড্রাইভার ব্যবহার করে বিদ্যালয়ের বিভিন্ন কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সিসি ক্যামেরা, ডিবি বক্সসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায়। এ সময় বিদ্যালয়ের মূল্যবান আসবাবপত্রও ভাঙচুর করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল হক জানান, চুরির বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটিকে অবহিত করা হয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে তিনি কিছু জানেন না।
তিনি আরও জানান, এ ঘটনায় দাগনভূঞা থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।