মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা (যশোর) প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরের শার্শায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, শ্রমবিষয়ক সম্পাদক শহীদ আলী, উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও শার্শা উপজেলার প্রতিটি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিশেষভাবে ৭ নাম্বার কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম শহিদুল ইসলাম দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন।
১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল দিন। ওই সময় দেশে রাজনৈতিক অস্থিরতা এবং সামরিক বাহিনীর অভ্যন্তরে নানা সংকট বিরাজ করছিল। ৩ নভেম্বরের সামরিক অভ্যুত্থানের পর তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দি করা হয়। পরবর্তীতে ৭ নভেম্বর সৈনিক-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি মুক্ত হন এবং দেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহে গুরুত্বপূর্ণ অবস্থানে চলে আসেন।
মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা, স্বাধীনতার ঘোষণা পাঠ এবং পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকা বাংলাদেশের ইতিহাসের উল্লেখযোগ্য অধ্যায়। ১৯৭৮ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। বিএনপি প্রতিবছর ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে।
ঐতিহাসিক এ দিবসকে ঘিরে শার্শা উপজেলা বিএনপির আয়োজিত আলোচনা সভা ও র্যালিতে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিতে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।