ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারা দেশের মতো উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়েও যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১১টায় জেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছাঃ শুকরিয়া পারভীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সায়েম, সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল এবং অ্যাডভোকেট আদম শফি।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সমুন্নত রাখতে জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব অপরিসীম।
বক্তারা আরও বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সব ধরনের ভেদাভেদ ভুলে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও ঐক্য বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জাতীয় উন্নয়ন ও কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।