মো: রমিজ আলী,
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে দিবসটি পালন করেছে উপজেলা বিএনপি। দিবসটির তাৎপর্য তুলে ধরে নেতারা জাতীয় ঐক্য, গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ব্যক্তি, দল ও সমাজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। তিনি বলেন, “সবাই সবার স্থান থেকে কাজ করলে বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে গড়ে উঠবে।”
নেতারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ জাতীয় ঐক্য, দেশপ্রেম ও সংহতির গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতান্ত্রিক অধিকার এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য।
তারা আরও বলেন, একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হলে রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের জনগণের পাশে থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন দুলাল, উপজেলা বিএনপি সদস্য ও কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম. শামসুদোহা, কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস মিয়া মনির,বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর ভূঁইয়া, সীতাকুণ্ড থানা যুবদলের সভাপতি মোহাম্মদ আনোয়ার, সীতাকুণ্ড থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, বাশবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বার ও সদস্য সচিব মোজাম্মেল হক সমীরসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য সিনিয়র নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা ধারণ করে দলীয় ঐক্য সুসংহত করা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।