মোঃরুবেল ইসলাম.
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় মহাসড়ক ও আঞ্চলিক সংযোগ সড়কের পাশে অবাধে বালু রেখে চলছে বিপজ্জনক কর্মকাণ্ড। সংগঠন রাস্তার ধার ঘেঁষে এবং পুরো রাস্তা জুড়ে বালুর স্তূপ ও বালু ভর্তি যানবাহন চলাচলের কারণে বর্তমানে তীব্র যানজট ও মারাত্নক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, অবিলম্বে এটি বন্ধ করা না হলে যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, ভজনপুর এলাকার বিভিন্ন পয়েন্টে রাস্তার পাশেই যত্রতত্র নদীর বালু স্তূপ করে রাখা হচ্ছে। এতে রাস্তার প্রশস্ততা কমে চলাচলের জায়গা সংকীর্ণ হয়ে পড়েছে। এছাড়া বালি লোড-আনলোড করা ট্রাক এবং ট্রলিগুলোর কারণে পিচঢালা সড়কজুড়ে বালি ছড়িয়ে ছিটিয়ে থাকছে। হালকা বাতাসেই রাস্তা ধুলোবালি ও বালুকণায় আবৃত হয়ে পড়ছে, ফলে পথচারী ও চালকদের দৃষ্টিসীমা ব্যাহত হচ্ছে।
বিশেষ করে মোটরসাইকেল, বাইসাইকেল এবং ইজিবাইক চালকরা রাস্তার ছড়িয়ে থাকা বালুতে চাকা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। রাতে এই ঝুঁকি আরও কয়েক গুণ বেড়ে যায়। এছাড়াও বাতাস বা গাড়ির চাকার সাথে বালু উড়ে চোখ-মুখে লেগে পথচারীরা স্বাস্থ্যঝুঁকিতেও পড়ছেন।
স্থানীয় একাধিক পথচারী ও যানবাহন চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তার ওপর যেভাবে বালু রেখে এবং বালুর ট্রলি এনে রাস্তা বন্ধ করে রাখা হয়, তাতে স্বাভাবিকভাবে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। ছোটখাটো দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে, যেকোনো দিন বড় ধরনের কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রশাসন থেকে যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে।”
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল অবিলম্বে সড়কের ওপর বালু রাখা বন্ধ করতে এবং অবৈধভাবে রাস্তা দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।