গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটকেন্দ্র মূল কেন্দ্র চিলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ইউনিয়নের কুড়িবিশ্বা এলাকায় চিলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওয়ার্ডের বিভিন্ন এলাকার নারী-পুরুষ অংশ নেন।
এ সময় ‘এমপি ও উপজেলা নির্বাচনের ভোট যেখানে, ইউপি নির্বাচনের ভোটও সেখানে’, ‘ভোটার সংখ্যা যেখানে বেশি, ভোটকেন্দ্র সেখানে’সহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, কোলকোন্দ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মূল ভোটকেন্দ্র চিলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন ধরে জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নির্বাচন এ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে প্রায় ২০ বছর আগে ইউপি নির্বাচনের আগে বন্যায় বিদ্যালয়ে যাওয়ার রাস্তা ক্ষতিগ্রস্ত হলে সাময়িকভাবে পাশের সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থানান্তর করা হয়। পরবর্তী সময়ে জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে চিলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ হলেও অজ্ঞাত কারণে শুধু ইউপি নির্বাচনের ভোট সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেওয়া হয়।
তিনবার ইউপি সদস্য পদে নির্বাচনে অংশ নেওয়া মহসিন আলী বলেন, চিলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ওয়ার্ডের মাঝামাঝি স্থানে অবস্থিত। এখানে দীর্ঘদিন ধরে ভোট গ্রহণ হয়ে আসছে এবং কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউপি নির্বাচনের ভোট গ্রহণের সময় মারামারি, ব্যালট বাক্স ছিনতাই, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও জোর করে সিল মারার মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, চিলাখাল স্কুল এলাকায় প্রায় সাড়ে ১ হাজার ৭০০ ভোটার থাকলেও সাউদপাড়া স্কুল এলাকায় ভোটার রয়েছেন প্রায় ৫৫০ জন। তাই ভোটার সংখ্যার বিবেচনায় চিলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়েই ইউপি নির্বাচনের ভোটকেন্দ্র রাখা উচিত।
এ সময় আব্দুল খালেক, সহিদুল ও হাবিবুর বলেন, চিলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ওয়ার্ডের মাঝামাঝি হওয়ায় ভোটারদের জন্য যাতায়াত সহজ। আগে সব ধরনের নির্বাচন এখানেই অনুষ্ঠিত হতো। শুধু বন্যায় রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে একবার সাউদপাড়া স্কুলে ভোট নেওয়া হয়েছিল। এরপর থেকে ইউপি নির্বাচনের ভোট সেখানে নেওয়া হচ্ছে। তাঁদের অভিযোগ, সাউদপাড়া কেন্দ্রে ভোট দিতে গিয়ে অনেকেই হামলা ও মারধরের শিকার হয়েছেন। তাই এবার চিলাখাল স্কুলে ভোটকেন্দ্র না করা হলে ভোট দেওয়া নিয়ে তাঁরা অনিশ্চয়তায় থাকবেন।
নারী ভোটার ফরিদা, আসমা ও নুরনাহার বলেন, সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যেতে তাঁদের অনেক কষ্ট হয়। বিশেষ করে বাঁধ থেকে নেমে কেন্দ্রে যেতে অসুবিধা হয়। এ ছাড়া ভোটের সময় সংঘর্ষের আশঙ্কায় অনেকে ভোট দিতে পারেন না। চিলাখাল স্কুলে ভোট হলে এলাকার সবার জন্য সুবিধা হবে।
অন্যদিকে ভোবেন, দীনেশ ও সোনাবালা অভিযোগ করে বলেন, সাউদপাড়া স্কুলে ভোটের সময় প্রায়ই গোলযোগ ও গুলির ঘটনা ঘটে। শুরুতে কয়েকজন ভোট দিতে পারলেও পরে সংঘর্ষের কারণে অনেকে ভোট দিতে পারেন না। চিলাখাল স্কুলে আগের নির্বাচনগুলোতে তাঁরা স্বাচ্ছন্দ্যে ভোট দিয়েছেন।
এলাকাবাসী জানান, নির্বাচন কমিশন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ওয়ার্ডভিত্তিক ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে। সেখানে কোলকোন্দ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মূল ভোটকেন্দ্র হিসেবে চিলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম রয়েছে। এ সিদ্ধান্ত জানার পর সাউদপাড়া ও দোলাপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র বহালের দাবিতে নির্বাচন কমিশনে আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ অক্টোবর রংপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হান্নান চিলাখাল ও সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তাঁরা উভয় পক্ষের বক্তব্য শোনেন।
পরিদর্শন শেষে কর্মকর্তারা জানান, উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা করে নির্বাচন কমিশনে প্রতিবেদন দেওয়া হবে। ভোটকেন্দ্রের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
মানববন্ধন থেকে এলাকাবাসী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে ইউপি নির্বাচনের ভোটকেন্দ্র চিলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বহাল রাখার দাবি জানান।