জাপানে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে গত ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রী তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য নিশ্চিত করেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফরে যান তারেক রহমান।
সফরকালে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো, প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো ও তথ্যপ্রযুক্তি খাতে এক ট্রিলিয়ন জাপানি ইয়েন বা প্রায় ৬ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগ প্রস্তাব নিয়েও আলোচনা করেন দুই দেশের নেতারা। এ বিনিয়োগ পরিকল্পনা এগিয়ে নিতে জাপানের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করতে পারে বলেও আলোচনা হয়েছে।
সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় সমঝোতা দলিল স্বাক্ষরিত হয়। পাশাপাশি ৪৬ দশমিক ৫৬ বিলিয়ন জাপানি ইয়েনের দুটি ঋণসহায়তা প্রকল্পের প্রতিশ্রুতি পাওয়া গেছে। এ ছাড়া বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা জোরদারে একটি টহল জাহাজ সংগ্রহের জন্য ২ দশমিক ১২ বিলিয়ন ইয়েন পর্যন্ত অনুদান সহায়তার চুক্তি হয়েছে।
এদিকে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) উদ্যোগে বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
টোকিওতে আয়োজিত বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরাম ডায়ালগে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশের পাঁচটি অগ্রাধিকার খাতে বিনিয়োগের আহ্বান জানান। খাতগুলো হলো অটোমোবাইল উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ, উচ্চগতির রেল ও লজিস্টিকস এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প।
জাপানের শিল্প ও অবকাঠামো সক্ষমতা সরেজমিনে দেখতে প্রধানমন্ত্রী জেরার এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র, নিতসু লজিস্টিকস হাব এবং টয়োটা মোটর করপোরেশনের মোতোমাচি কারখানা পরিদর্শন করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন সুযোগ তৈরি হতে পারে।