• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

গ্রামবাংলার চিরচেনা সৌন্দর্য, জলঢাকার জলাশয়ে কচুরিপানার ফুল

আশীষ বিশ্বাস / ২৮ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

শরৎ পেরিয়ে হেমন্তের আগমনী আবহে জলঢাকার প্রকৃতিতে দেখা দিয়েছে বেগুনি ও সাদা রঙের নান্দনিক সৌন্দর্য। উপজেলা বিভিন্ন জলাশয়, বিল ও নিচু জমিতে ফুটেছে কচুরিপানার ফুল। একসময় অবহেলিত ও অপ্রয়োজনীয় হিসেবে বিবেচিত এই জলজ উদ্ভিদের ফুল এখন প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। সবুজের বুকে বেগুনি ও সাদা ফুলের মনোমুগ্ধকর সমারোহে মুগ্ধ হচ্ছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন জলাশয় ঘুরে দেখা যায়, পানির ওপর ছড়িয়ে থাকা কচুরিপানার ফুলে কোথাও কোথাও তৈরি হয়েছে প্রাকৃতিক গালিচার মতো মনোরম দৃশ্য। কোনো কোলাহল কিংবা কৃত্রিম আয়োজন ছাড়াই নিভৃত জলাশয়ে ফুটে আছে অসংখ্য ফুল। চলার পথে এমন অপরূপ দৃশ্য দেখে থমকে দাঁড়াচ্ছেন স্থানীয় তরুণ-তরুণী ও পথচারীরা। কেউ কিছুক্ষণ দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন, আবার কেউ মুঠোফোনে ছবি তুলে ধরে রাখছেন স্মরণীয় মুহূর্ত।

কচুরিপানার ফুলের সৌন্দর্য উপভোগ করতে এসে স্থানীয় শিক্ষার্থী আজিজার ইসলাম বলেন, “প্রতিদিনের পড়ালেখার ক্লান্তি কাটাতে প্রকৃতির এই রূপ সত্যিই মনকে প্রফুল্ল করে তোলে।”

কাজের ফাঁকে ঘুরতে আসা দর্শনার্থী জিলবুর রহমান বলেন, “যান্ত্রিক জীবনের ব্যস্ততার পর গ্রামবাংলার এমন শান্ত পরিবেশ ও ফুলের সৌন্দর্য দেখতে চমৎকার লাগে। প্রকৃতির এই স্বাভাবিক রূপ মনে একধরনের প্রশান্তি এনে দেয়।”

গ্রামের বয়োজ্যেষ্ঠ বাসিন্দা বেলাল আলী (৫০) কিছুটা আক্ষেপের সুরে বলেন, একসময় বিল-ঝিলে এমন কচুরিপানার ফুল অনেক দেখেছি। কিন্তু এখন আর আগের মতো চোখে পড়ে না।” তিনি আরও বলেন, কচুরিপানাকে ঘিরে তাঁর জীবনের অনেক বাস্তব গল্প ও স্মৃতি জড়িয়ে রয়েছে।

  • পরিবেশবিদদের মতে, কচুরিপানার ফুল সাময়িকভাবে জলাশয়ের সৌন্দর্য বাড়ালেও অতিরিক্ত কচুরিপানা জলাশয়ের স্বাভাবিক জলজ পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই এর নান্দনিক সৌন্দর্যের পাশাপাশি জলাশয়ের পরিবেশগত ভারসাম্য রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

প্রকৃতির ঋতুবদলের এই সময়ে কচুরিপানার বেগুনি ও সাদা ফুলে গ্রামীণ পরিবেশে যোগ করেছে ভিন্ন মাত্রা। সাধারণ এই জলজ উদ্ভিদের ফুলই যেন প্রকৃতিপ্রেমীদের মনে করিয়ে দিচ্ছে—গ্রামবাংলার চিরচেনা সৌন্দর্য আজও লুকিয়ে আছে নিভৃত জলাশয় আর সবুজের মাঝে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা