ফেনীর পরশুরামে নিজের বাড়িতে যাতায়াতের পথ থাকা সত্ত্বেও পুরোনো রাস্তার দাবি তুলে ইতালিপ্রবাসী এক ব্যক্তির জমিতে দেয়াল নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশী মোহাম্মদ ইয়াছিন চৌধুরীর বিরুদ্ধে। এ ঘটনায় দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে। নিজের নামে খতিয়ানভুক্ত পৈতৃক জমিতে ঘর নির্মাণ করতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন ইতালিপ্রবাসী ফজলুল করিম শহীদ।
সম্প্রতি ওই জমিতে দেয়াল নির্মাণ নিয়ে সংবাদ প্রকাশের পর এলাকায় বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে সরেজমিনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বিরোধের বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।
সরেজমিনে জানা গেছে, উপজেলার চিথলিয়া গ্রামের মোহাম্মদ ইয়াছিন চৌধুরীর বাড়ির পশ্চিম পাশে প্রায় ১৬ ফুট প্রশস্ত একটি চলাচলের গেট ও রাস্তা রয়েছে। ফজলুল করিম শহীদের দাবি, ইয়াছিন চৌধুরীদের ফেনী-পরশুরাম সড়কের দিক দিয়ে যাতায়াতের পৃথক পথ রয়েছে। তবে ওই পথের মালিকানা ও ব্যবহারের আইনগত অবস্থা সংশ্লিষ্ট নথিপত্র যাচাই ছাড়া নিশ্চিত হওয়া যায়নি।
গত ১০ অক্টোবর পূর্ব পাশের বাসিন্দা ফজলুল করিম শহীদ তাঁর পৈতৃক জমিতে ঘর নির্মাণের উদ্যোগ নিলে বিরোধের সূত্রপাত হয়। এ সময় দেয়াল নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।
ইতালিপ্রবাসী ফজলুল করিম শহীদ বলেন, “আমরা আমাদের জমিতে দেয়াল নির্মাণ করে গাড়ি রাখার জায়গা করছি। ইয়াছিন চৌধুরী গংদের ফেনী-পরশুরাম সড়কের দিক দিয়ে চলাচলের রাস্তা রয়েছে। তাঁরা সেই রাস্তা দিয়ে যাতায়াত করেন। আমরা নিজেদের জমি নিজেদের প্রয়োজনে ব্যবহার করছি। এতে তাঁদের সমস্যা কোথায়?”
তবে মোহাম্মদ ইয়াছিন চৌধুরী বলেন, “পূর্বপুরুষদের আমল থেকে আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে আসছি। তাঁরা এই জমির মালিক না হওয়া সত্ত্বেও গায়ের জোরে হঠাৎ হুমায়ুন কবির, মো. ইউনুছ ওরফে টিপু এবং ফজলুল করিম শহীদ বহিরাগত লোকজন দিয়ে দেয়াল নির্মাণ করে চলাচলের রাস্তাটি বন্ধ করে দেন। বিষয়টি পরশুরাম মডেল থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।”
অন্যদিকে, একই বাড়ির বাসিন্দা মো. ইউনুছ বলেন, যেখানে দেয়াল নির্মাণ করা হচ্ছে, সেটি প্রবাসী শহীদদের জমি। পিলার দিয়ে জমির সীমানা চিহ্নিত করা আছে। ইয়াছিন চৌধুরীর অভিযোগ সঠিক নয়। তাঁর দাবি, ইয়াছিন চৌধুরীর বাড়ির পূর্ব পাশের দেয়াল নির্মাণ করে ফটক বন্ধ করে দেওয়ায় ওই দিক দিয়ে চলাচল করা যায় না। আগে পশ্চিম পাশ দিয়ে যাতায়াত করা হলেও সেখানে দেয়াল ও ফটক নির্মাণের কারণে চলাচল বন্ধ হয়ে গেছে। ফজলুল করিম শহীদ তাঁদের চলাচলের পথ বন্ধ করেননি বলেও দাবি করেন তিনি।
একই বাড়ির বয়োবৃদ্ধ বাসিন্দা সাহেদা আক্তার বলেন, পশ্চিম দিকটি আগে খোলা ছিল। বাড়ির লোকজন সেখান দিয়ে চলাচল করতেন। তাঁর দাবি, কয়েক বছর আগে ইয়াছিন চৌধুরী দুটি গেট নির্মাণ করে পথটি বন্ধ করে দেন। এরপর দীর্ঘদিন ওই পথে লোকজনের চলাচল ছিল না। বর্তমানে শহীদ তাঁর নিজের জমিতে দেয়াল নির্মাণ করছেন।
ফজলুল করিম শহীদের জ্যাঠাতো ভাই সাংবাদিক ছবির আহমেদ ফোরকান বলেন, “জায়গাটি আমাদের মুরসি সম্পত্তি। সিএস ও বিএস খতিয়ানসহ প্রয়োজনীয় কাগজপত্রে জমিটি আমাদের নামে রয়েছে। ইয়াছিন চৌধুরীদের বাড়ির পশ্চিম পাশে চলাচলের রাস্তা আছে। এরপরও কেন এমন অভিযোগ করা হচ্ছে, তা বুঝতে পারছি না।”
স্থানীয় বাসিন্দা আজিম উদ্দিন বলেন, ইয়াছিন চৌধুরীর বাড়ির দুই পাশের দুটি গেট খুলে দিলে মানুষ চলাচল করতে পারবেন।
এ বিষয়ে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, জায়গাটি নিয়ে পারিবারিক বিরোধ রয়েছে। জমির প্রকৃত মালিকানা, চলাচলের পথের আইনগত অবস্থান এবং বিরোধের বিষয়ে সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করা হলে বিষয়টির সমাধান হবে।
দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে জমির প্রকৃত মালিকানা ও চলাচলের পথের অধিকার নিয়ে বিরোধের নিরপেক্ষ নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দলিল, খতিয়ান ও নকশা যাচাই করা প্রয়োজন।