শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মানিকগঞ্জ জেলার প্রায় শতাধিক পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে মানিকগঞ্জ জেলা পরিষদ।
বুধবার (১৪ অক্টোবর) জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিন, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুধীজন এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।
শারদীয় দুর্গোৎসবকে আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এ আর্থিক সহায়তা দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে পূজামণ্ডপগুলোর আয়োজনে সহায়তা প্রদানের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
বাংলাদেশের আবহমান অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যকে ধারণ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা।