ফারদিন নিয়াজ,উজিরপুর প্রতিনিধি:
সমাজে কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। তিনি বলেন, একটি শিশুর জন্মের পর তার পরিচয় ছেলে না মেয়ে—তা কখনোই তার স্বপ্ন দেখার অধিকার নির্ধারণ করতে পারে না।
তিনি বলেন, বাস্তবতায় এখনো অনেক কন্যাশিশু শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা ও নিজের পছন্দের ভবিষ্যৎ বেছে নেওয়ার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ে। সামাজিক কুসংস্কার, দারিদ্র্য ও নিরাপত্তাহীনতা তাদের স্বাভাবিক বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়। অনেক পরিবারে ছেলেদের শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হলেও মেয়েদের ক্ষেত্রে বাল্যবিয়ে ও পারিবারিক দায়িত্বের চাপ তৈরি হয়। ফলে সম্ভাবনা থাকা সত্ত্বেও অনেক কন্যাশিশুর পড়াশোনা মাঝপথে থেমে যায়।
ইউএনও আরও বলেন, “একজন কন্যাশিশুকে স্কুলে পাঠানো মানে শুধু তাকে বই পড়ানো নয়, বরং তার সামনে নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ তৈরি করা। শিক্ষা তাকে নিজের অধিকার সম্পর্কে সচেতন করে, সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়ায় এবং কর্মজীবনে প্রবেশের পথ তৈরি করে। স্বপ্ন দেখার অধিকার সবার—ফুল ছুঁয়ে দেখবে আরেক ফুলকে।”
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে উজিরপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দিবসটি উপলক্ষে র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং উজিরপুর এডিপি, সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উজিরপুর রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আবদুল গাফফার চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম রুমি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসাইন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দীন শরীফ ও সাধারণ সম্পাদক সরদার সোহেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেয়। আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার রক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধ, শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করা এবং নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার গুরুত্ব তুলে ধরা হয়।
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উজিরপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়।