• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

লিবিয়ায় আটক বাবার সন্ধানে ছেলের আকুতি, মানবপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি

মফিদুল ইসলাম সরকার / ৪০ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লিবিয়ায় প্রায় এক বছর ধরে মানবপাচারকারী চক্রের হাতে আটক বাবাকে জীবিত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনা এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর ছেলে মুন্না।

বুধবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে মুন্না অভিযোগ করেন, তার ছোট বোন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি আর্থিক সংকটে পড়ে। এ সময় পূর্বপরিচিত শিপন খান তার বাবাকে ইতালিতে পাঠানোর প্রস্তাব দেন। ২০ লাখ টাকার বিনিময়ে ৭ থেকে ১০ দিনের মধ্যে ইতালিতে পৌঁছে দেওয়ার কথা বলা হলে তারা প্রথমে ৬ লাখ টাকা ও পাসপোর্ট দেন। পরে ব্যাংকের মাধ্যমে আরও ১৪ লাখ টাকা দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

তবে মুন্নার অভিযোগ, ইতালিতে পাঠানোর পরিবর্তে তার বাবাকে লিবিয়ায় নিয়ে গিয়ে বিভিন্ন স্থানে আটকে রাখা হয়। সেখানে দীর্ঘ সময় একটি ঘরে আটকে রাখা, পর্যাপ্ত খাবার না দেওয়া এবং বিভিন্ন খরচের কথা বলে পরিবারের কাছ থেকে দফায় দফায় টাকা নেওয়া হয়।

তিনি জানান, পরবর্তীতে বাবাকে দেশে ফিরিয়ে দেওয়ার কথা বলা হলে দালাল চক্র তাকে মাফিয়ার হাতে তুলে দেওয়ার হুমকি দেয়। বাবার জীবন বাঁচাতে পরিবারের পক্ষ থেকে আরও ১২ লাখ ও ৮ লাখ টাকা দেওয়া হয় বলে দাবি করেন মুন্না। এমনকি তার বোনের চিকিৎসার জন্য সংগ্রহ করা অর্থও বাবাকে উদ্ধারের আশায় ওই চক্রের হাতে তুলে দিতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মুন্নার ভাষ্য, পরে গ্রাম্য সালিশের মাধ্যমে তার বাবাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হলে সংশ্লিষ্টরা তাকে একটি বাহিনীর কাছে তুলে দেয় এবং পরিবারকে জানায়, তিনি পালিয়ে গেছেন। কয়েকদিন পর চাপ সৃষ্টি করলে তারা স্বীকার করে যে তার বাবা ‘কালাবুস’ নামের একটি বাহিনীর কাছে আটক রয়েছেন এবং তাকে ছাড়াতে ১২ লাখ টাকা প্রয়োজন।

আইনের আশ্রয় নেওয়ার কথা জানালে বাবাকে সেখান থেকে এনে আবারও দালালের কাছে রাখা হয় বলেও অভিযোগ করেন মুন্না।

মুন্না জানান, এ ঘটনায় মাদারীপুর আদালতের মানবপাচার ট্রাইব্যুনালে পিটিশন নং-৩৪৯/২০২৬ দায়ের করা হয়েছে। তার দাবি, মামলাটি মাদারীপুর সদর থানার আওতাধীন এবং মামলা নং-২২, বার্ষিক নং-৭৪০।

দীর্ঘদিন খোঁজাখুঁজির পর বনশ্রী এলাকায় কথিত দালালদের ঠিকানা পাওয়া যায় বলে জানান তিনি। খিলগাঁও থানা এবং মামলার তদন্ত কর্মকর্তা এসআই সালমানের সহযোগিতায় চক্রের দুই সদস্যকে আটক করা সম্ভব হয়েছে বলেও দাবি করেন মুন্না।

তবে মামলা করার পর থেকেই মামলা তুলে নেওয়া, আপস করা এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তাকে ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন মুন্না।

সংবাদ সম্মেলনে মুন্না দাবি করেন, তার বাবার মতো আরও ৪০ জনের বেশি বাংলাদেশি নাগরিক ওই চক্রের হাতে লিবিয়ায় আটকে রয়েছেন বলে তারা জানতে পেরেছেন। এসব ব্যক্তির পরিবারকেও ভয়ভীতি দেখিয়ে বিষয়টি নিয়ে চুপ করে থাকার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ ছাড়া মুন্না তালুকদার, ইমরান ও বায়েজিদ শেখসহ কয়েকজন বাংলাদেশি নাগরিক লিবিয়ায় নিহত হয়েছেন বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ রয়েছে বলে জানান মুন্না। এসব মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের দাবি জানান তিনি।

মুন্নার অভিযোগ, বিভিন্ন পরিবারকে তাদের স্বজন সাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছেন বলে জানানো হলেও পরিবারের কাছে থাকা তথ্য অনুযায়ী, তাদের কেউ কেউ গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এসব অভিযোগেরও সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে মানবপাচার চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অমিত হাসান কবির, লিটু মুন্সী, শিপন খান, তানিয়া মুন্সী, মোমিন ও জাহিদ নামে ছয়জনের বিরুদ্ধে তদন্তের দাবি জানান মুন্না।

তবে তিনি বলেন, তারা কারও বিরুদ্ধে আদালতের রায় ঘোষণা করছেন না। তাদের কাছে থাকা তথ্য ও অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত চান। তদন্তে কারও সম্পৃক্ততা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে সরকারের কাছে ছয়টি দাবি তুলে ধরেন মুন্না। দাবিগুলো হলো—

  1. ১. লিবিয়া থেকে তার বাবাকে দ্রুত জীবিত ও নিরাপদে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে হবে।
  2. ২. মানবপাচারকারী চক্রের মূল হোতা, সহযোগী এবং বাংলাদেশ ও লিবিয়ায় থাকা সংশ্লিষ্টদের তদন্তের আওতায় আনতে হবে।
  3. ৩. লিবিয়ায় নিহত বাংলাদেশিদের মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
  4. ৪. মানবপাচার, অবৈধভাবে আটক, প্রতারণা, মুক্তিপণের জন্য চাপ, প্রাণনাশের হুমকি ও হত্যার মতো অপরাধ প্রমাণিত হলে প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
  5. ৫. ব্যাংক লেনদেনসহ বিভিন্ন প্রমাণের ভিত্তিতে পরিবারের কাছ থেকে নেওয়া টাকা উদ্ধারের ব্যবস্থা করতে হবে।
  6. ৬. মুন্না, তার পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে মুন্না বলেন, “আমি কোনো প্রতিশোধ চাই না। আমি শুধু আমার বাবাকে জীবিত ফিরে পেতে চাই। কোনো টাকা দিয়ে বা কোনো আপসের মাধ্যমে নয় রাষ্ট্রের সহযোগিতায় এবং আইনগতভাবে আমার বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে।”

তিনি আরও বলেন, তার বাবা বর্তমানে জীবনঝুঁকিতে রয়েছেন বলে তারা আশঙ্কা করছেন। একই সঙ্গে লিবিয়ায় আটক অন্য বাংলাদেশিদের দ্রুত উদ্ধারে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা