শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বনগাঁও জিগাতলা গ্রামে পৈতৃক ও ক্রয়কৃত রেকর্ডভুক্ত জমি অবৈধভাবে দখল ও আত্মসাতের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবার। একই সঙ্গে বসতবাড়ি ও জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে বনগাঁও জিগাতলা গ্রামে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন মৃত আলিমুদ্দিনের পুত্র আব্দুল হানিফ ও বাচ্চু মিয়া।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মমতা খাতুন। লিখিত বক্তব্যে তিনি জানান, বনগাঁও মৌজায় খতিয়ান নং-১০৭-এর অন্তর্ভুক্ত ১৮৪৮, ১৮৪৯, ১৮৫০, ১৮৫১, ১৮৫২, ১৮৫৩, ১৮৫৪, ১৮৫৫, ১৮৫৬, ১৮৫৭, ২০০৭, ২০০৮, ২০০৯, ১৮২৫ ও ১৮২৬ দাগে মোট ১২ একর ২৮ শতাংশ আবাদি ও বসতিজমি রয়েছে।
এর মধ্যে ২ একর ৪৫ শতাংশ জমি মৃত আলিমুদ্দিনের পুত্র আব্দুল হামিদ, আব্দুর রশিদ, হানিফ উদ্দিন, বাচ্চু মিয়া ও আহিলা খাতুন ওয়ারিশ সূত্রে এবং সাফ-কবলা দলিলের মাধ্যমে প্রাপ্ত হয়ে আরএস রেকর্ড অনুযায়ী দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন বলে দাবি করেন তারা।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে প্রতিবেশী মৃত আব্দুস ছাত্তারের পুত্র মো. ইসমাইল হোসেন (৬৫), আলমাস হোসেন (৪৫), মৃত আব্দুল হামিদের ছেলে মিজান মিয়া (৪৮), মৃত আব্দুল বারিকের ছেলে কাদির মিয়া (৪৫), আবু বক্কর এবং মৃত আইজ উদ্দিনের পুত্র আমির উদ্দিন মাস্টার (৬৫) গং প্রায় ৩৭ বছর ধরে তাদের হয়রানি করে আসছেন।
পরিবারটির দাবি, ১৯৮৯ সালে বাচ্চু মিয়ার পিতা আলিমুদ্দিন বাটোয়ারা মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালত ২০০০ সালের ১৪ নভেম্বর রায় এবং ২১ নভেম্বর ডিক্রি প্রদান করেন। বিবাদীরা ২০০১ সালে ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে আদালত পূর্বের ডিক্রি বহাল রাখেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, আদালতের রায় ও ডিক্রি বহাল থাকার পরও ২০০৬ সালে আবারও আপিল করা হয় এবং বর্তমানে ঢাকা হাইকোর্টে মামলাটির সিরিয়াল নম্বর ৫১১ চলমান রয়েছে। এ অবস্থায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তাদের।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সম্প্রতি অভিযুক্তরা দেশীয় অস্ত্র, দা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধভাবে তাদের বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণনাশের হুমকি, রাস্তায় চলাচলে বাধা, গৃহপালিত গবাদিপশুর পা কেটে দেওয়া এবং পুকুরের মাছ ধরে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।
তাদের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে একাধিকবার শালিস-দরবার হলেও অভিযুক্তরা কোনো শালিস মানছেন না। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিনের বিরোধ ও হয়রানির কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং অনেকটাই নিঃস্ব হয়ে পড়েছেন। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ, খুন-জখমসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
সংবাদ সম্মেলন থেকে মৃত আলিমুদ্দিনের সন্তানদের বৈধ মালিকানাধীন ২ একর ৪৫ শতাংশ জমি দখলমুক্ত করে তাদের ভোগদখল বহাল রাখা, বসতবাড়ি ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।