সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই আহ্বানকে সামনে রেখে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জেলা পরিষদ সম্মেলন কক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) বাংলাদেশের উদ্যোগে মানিকগঞ্জ সদর উপজেলা শাখার আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
ইকবাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক ও সাবেক অধ্যাপক আবুল হোসেন সিকদার। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম ফারুক ও বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মুস্তাফিজুর রহমান মামুন। শুরুতে ধারণাপত্র পাঠ করেন রিপন আচার্জী।
আলোচনায় দোলন গোস্বামী, এমদাদুল হক মানিক, আলামিন ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষে অসন্তোষ চক্রবর্তী রায়সহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান, সহিংসতার অর্থনৈতিক ও মানসিক ক্ষতি এবং প্রত্যাশিত বাংলাদেশ গড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে ধর্মীয় ও রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার ঘোষ, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা খন্দকার মিজানুর হোসেন ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতা মজিবর রহমান মাস্টারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মাগরিবের নামাজের আগ পর্যন্ত চলে এ আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ।