দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামে নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দলগুলোর মধ্যে এই সশস্ত্র সংঘাত চলে আসছে। এই সশস্ত্র গ্রুপগুলোর চাঁদাবাজি, অস্ত্রের মহড়া এবং এলাকা দখলের প্রতিযোগিতা পার্বত্যঞ্চলের স্থায়ী শান্তির পথকে ক্রমাগত রুদ্ধ করছে।
২৩ সেপ্টেম্বর থেকে আজ ২৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সকালে রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের ভুয়াছড়ি এলাকার চাইল্যাতলী নামক স্থানে পার্বত্য অঞ্চলের দুই আঞ্চলিক সশস্ত্র দল, জেএসএস (সন্তু) এবং ইউপিডিএফ (প্রসীত) এর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার তথ্য পাওয়া গিয়েছে।
একাধিক সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, সকাল ৭টার দিকে উভয় পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌমে ৯টা পর্যন্ত থেমে থেমে প্রায় ৫০০ রাউন্ড গুলি বিনিময় হয়।
তথ্যমতে জেএসএস এর গ্রুপ কমান্ডার বিক্রম চাকমা এবং ইউপিডিএফ এর গ্রুপ কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে বিপুলসংখ্যক সশস্ত্র সদস্য এই সংঘাতে জড়িয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে চলা এই বন্দুকযুদ্ধে পুরো নোয়াপাড়া এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।
এই বন্দুকযুদ্ধের ফলে ইউপিডিএফ (প্রসীত) দলের এক সশস্ত্র সদস্য নিহত এবং আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছে বলেও জানা গিয়েছে। আহতদের স্থানীয় নোয়াপাড়া এলাকার সমঞ্জয় কারবারি পাড়ায় রেখে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হচ্ছে। তবে দুর্গম এলাকা এবং নিরাপত্তা পরিস্থিতির কারণে নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ঘটনার প্রেক্ষিতে এলাকাজুড়ে নিরাপত্তা বাহিনী ও স্থানীয় প্রশাসনের গোয়েন্দা নজরদারি এবং অধিকতর তথ্য সংগ্রহের কার্যক্রম অব্যাহত রয়েছে।
সশস্ত্র সংগঠনগুলোর এই সহিংস তৎপরতা ও গোলাগুলির ঘটনায় সাজেক ইউনিয়নসহ আশপাশের সাধারণ জনগোষ্ঠীর মনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। সকালে শান্ত পরিবেশে হঠাৎ টানা গুলির শব্দে নোয়াপাড়া ও সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের স্বাভাবিক জীবনযাত্রা স্তব্ধ হয়ে পড়ে। যেকোনো মুহূর্তে আবারও সংঘাতের আশঙ্কায় সাধারণ মানুষ নিজেদের জীবন ও সম্পত্তি নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নিত্য দিনের স্বাভাবিক কাজক্রম বন্ধ করে নিজেদের ঘরে বন্দি করে রাখতে বাধ্য হচ্ছেন।
এই সংঘাতের প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব পড়েছে দেশের অন্যতম প্রধান ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র “সাজেক ভ্যালি”র ওপর। পার্বত্য অঞ্চলে গোলাগুলি ও সহিংসতার সংবাদ ছড়িয়ে পড়লে সাজেকগামী পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা মারাত্মক ঝুঁকিতে পড়ে, যা পর্যটকদের মনস্তাত্ত্বিকভাবে ভীত করে তোলে। ফলে সাজেকে নতুন পর্যটক আগমনে বড় ধরনের ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে, যা স্থানীয় কটেজ, রিসোর্ট ও পর্যটননির্ভর ক্ষুদ্র ব্যবসায়ী এবং সামগ্রিক পাহাড়ী অর্থনীতিকে এক অনিশ্চিত ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে।
রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা যখন অস্ত্রের ভাষায় ব্যক্ত হয়, তখন তার মাশুল গুণতে হয় সর্বসাধারণকে। পার্বত্য চট্টগ্রামে পর্যটন শিল্পের অভূতপূর্ব বিকাশ স্থানীয় অর্থনীতিতে যে আশার আলো জ্বালিয়েছিল, তা এসব সশস্ত্র গোষ্ঠীর চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের রাজনীতির বলিকাষ্ঠে রূপ নিতে পারে না। পর্যটন শুধু বিনোদনের ক্ষেত্র নয়, এটি এই অঞ্চলের হাজারো মানুষের জীবিকার প্রধান মাধ্যম। আর বারবার নিরাপত্তা সংকটে পড়ে এই খাত ক্ষতিগ্রস্ত হলে পাহাড়ের অর্থনৈতিক মুক্তি সুদূর পরাহত হয়ে পড়বে।
পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের নিরবচ্ছিন্ন জীবনের অধিকার সুনিশ্চিত করতে এখন সময় এসেছে কঠোর ও কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণের। দুর্গম সীমান্ত ও পাহাড়ি এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি এবং অবৈধ অস্ত্রের অবাধ প্রবেশ ও ব্যবহার চিরতরে বন্ধে নিরাপত্তা বাহিনীকে শূন্য সহনশীলতা (Zero Tolerance) নীতি গ্রহণ করতে হবে। একই সাথে পার্বত্য অঞ্চলে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে, সহিংসতার মাধ্যমে নয়, বরং রাজনৈতিক ও সাংবিধানিক পথেই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব।