আজহার হোসেন,মানিকগঞ্জ জেলার প্রতিনি :
মানিকগঞ্জের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব মোহাম্মদ আজিজুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বাদ জোহর মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকুরিয়া গ্রামে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ঢাকার নিজ বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের অংশ হিসেবে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকায় তাঁর কফিন আবৃত করা হয়। পরে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। জানাজার আগে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রিয় মানুষটিকে শেষবারের মতো বিদায় জানাতে কাকুরিয়া গ্রামের বাড়িতে ভিড় করেন স্বজন, সহযোদ্ধা ও এলাকাবাসী। মুক্তিযুদ্ধের স্মৃতি এবং কর্মজীবনে তাঁর অবদানের কথা স্মরণ করে এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই।
তিন ভাইয়ের মধ্যে মোহাম্মদ আজিজুল হক ছিলেন সবার বড়। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।