আজহার হোসেন,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয়ে জাহানারা খাতুন (নাম) নামে এক নারীকে ২ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার তেওতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জমদুয়ারা গ্রামের একটি খেলার মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক জাহানারা খাতুন পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের সুলেমানের স্ত্রী। বর্তমানে তিনি পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ এলাকায় বসবাস করেন।
স্থানীয়দের অভিযোগ, ওই নারী দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন। শুক্রবার সকালে ইন্না মিয়ার বাড়ির সামনে তাকে দেখতে পেয়ে কয়েকজন স্থানীয় বাসিন্দা আটক করেন। পরে তাকে আশ্রয়ণ প্রকল্প এলাকায় নিয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে শিবালয় থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে জাহানারা খাতুন দাবি করেন, গত প্রায় এক মাসে কয়েক দফায় তিনি ইন্না মিয়াকে ইয়াবা সরবরাহ করেছেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে হেফাজতে নেয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত প্রক্রিয়া চলছে।