পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে যৌথ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পঞ্চগড় জেলা শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন পঞ্চগড় জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান মানিক এবং জেলা ছাত্রদলের সভাপতি মোঃ তারেকুজ্জামান তারেক।
বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশ অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থেকে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে পঞ্চগড় জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।