পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকার একটি কৃষি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাছিনা বেগম ওই এলাকার নূর শেখের স্ত্রী। তিনি বালাপাড়া বাজারে একটি কনফেকশনারি দোকান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন হাছিনা বেগম। বাড়িতে ফিরে স্বামীকে রাতের খাবার দেওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের একটি দাওয়াতে যাওয়ার কথা বলে বের হন তিনি। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি।
শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে স্থানীয় কয়েকজন বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি কৃষি জমিতে মাছ ধরার টেমাই (ফাঁদ) আনতে যান। এ সময় তারা জমিতে হাছিনা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
চিলাহাটি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বখতিয়ার রহমান বলেন, সকালে কয়েকজন মাছ ধরার টেমাই উঠাতে গিয়ে ওই নারীর মরদেহ দেখতে পান। পরে তাদের ডাকাডাকিতে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। সকাল ৮টার দিকে তিনি বিষয়টি থানায় জানান। বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ওই নারীর মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।