জাহিদুল ইসলাম,মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন ভূমি অফিস সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় সেবা নিতে আসা কয়েকজন সেবাগ্রহীতাকে ভোগান্তিতে পড়তে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে
সোমবার সকালে অফিস সময়ে জমি-সংক্রান্ত বিভিন্ন সেবা নিতে বাঁশগাড়ী ইউনিয়ন ভূমি অফিসে আসেন স্থানীয় সেবাগ্রহীতারা। এ সময় অফিসটি বন্ধ দেখতে পান বলে তারা জানান। ফলে প্রয়োজনীয় সেবা না পেয়ে তাদের ফিরে যেতে হয় বলে অভিযোগ করেন কয়েকজন।
সেবাগ্রহীতাদের অভিযোগ, সরকারি অফিসের নির্ধারিত সময়ে কোনো কারণে অফিস বন্ধ থাকলে সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে নিয়মিত সেবা নিশ্চিত করার দাবি জানান।
এ ছাড়া স্থানীয় কয়েকজনের অভিযোগ, ভূমি অফিসের সামনে ও দেয়ালের পাশে আখ রেখে বিক্রি করা হচ্ছে। এ কারণে অফিসের পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়েও তারা প্রশ্ন তোলেন। তবে আখ বিক্রির সঙ্গে ভূমি অফিস কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদকের পক্ষ থেকে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ অভিযোগে রেবেকা সুলতানা বলেন, আমি বদলি হওয়ায় অফিসে তালা মেরে চলে এসেছি।
এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাশ বলেন, বাঁশগাড়ী ইউনিয়নের তহশীলদার রেবেকা সুলতানা অন্যত্র বদলি হওয়ায় ইউনিয়ন ভূমি অফিসটি প্রায় ৪৫ মিনিটের জন্য বন্ধ ছিল। পরে অফিসটি আবার খুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি
।