‘বুকের ভিতর দ্রোহের গান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা বিভাগ-১-এর দিনব্যাপী গণসংগীত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় মানিকগঞ্জের ঐতিহ্যবাহী বেউথা কালীগঙ্গা নদীর তীরে গাঙ রেস্টুরেন্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, মানিকগঞ্জ জেলা সংসদ।
কর্মশালায় উপস্থিত ছিলেন উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা বিভাগ-১-এর যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মুস্তাফিজুর রহমান মামুন, সহসভাপতি শংকর শাওজাল ও শিবানী ভট্টাচার্য। এছাড়া মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নেন ঢাকা থেকে আগত বিশিষ্ট গণসংগীত শিল্পী ও প্রশিক্ষক অলক দাশ গুপ্ত, সোহানা আহমেদ ও শাওন রায়। তারা অংশগ্রহণকারী শিল্পীদের গণসংগীতের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেন।
পরে প্রশিক্ষকরা গণসংগীত পরিবেশন করেন। তবলায় সহযোগিতা করেন শ্যামল কর্মকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক শেখ আনিসুর রহমান। দিনব্যাপী এ কর্মশালা বিকেল ৫টা পর্যন্ত চলার কথা জানান আয়োজকরা।
আয়োজকরা বলেন, গণসংগীত মানুষের অধিকার, মুক্তি, সাম্য ও সামাজিক সচেতনতার কথা তুলে ধরার শক্তিশালী মাধ্যম। নতুন প্রজন্মের শিল্পীদের গণসংগীতের চর্চায় যুক্ত করাই এ ধরনের কর্মশালার অন্যতম লক্ষ্য।