ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে মানিকগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এনজিও ফেডারেশন অব বাংলাদেশ (এফএনবি) মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা শহরের নারাঙ্গাই এলাকার ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। এফএনবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ও বেসরকারি সংস্থা পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান দাউদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ফারুক হোসেন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী শফিকুল ইসলাম, ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল মজিদ জিয়া, সিআরপি মানিকগঞ্জ কার্যালয়ের কেন্দ্র ব্যবস্থাপক মাহবুবুল ইসলাম এবং এফএনবি মানিকগঞ্জ সদর উপজেলা সমন্বয়কারী ও অ্যাসেডের নির্বাহী পরিচালক রফিকুল ইসলামসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম বিশ্বাস বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এসব রোগ থেকে সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।
তিনি বলেন, পরিত্যক্ত ডাবের খোসা, গাড়ির টায়ার, চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল, বিভিন্ন ধরনের মাটির পাত্র, ফুলের টবসহ বাড়ির ছাদ ও আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে। এসব স্থানে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা জন্মাতে পারে।
এ সময় তিনি ঘুমানোর সময় মশারি ব্যবহার এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।
মতবিনিময় সভায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং সম্মিলিতভাবে প্রতিরোধমূলক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।