দুর্গম পাহাড়ি জনপদে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নেও ভূমিকা রাখছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে শিক্ষা, চিকিৎসা, খাদ্য, পুনর্বাসন ও কর্মসংস্থানে সহায়তার মাধ্যমে মানবিক কার্যক্রম পরিচালনা করছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
আলীকদমের প্রত্যন্ত এলাকার মানুষের প্রয়োজন বিবেচনায় নিয়ে সম্প্রতি বেশ কিছু জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করেছে ব্যাটালিয়নটি। এর মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানে সহায়তা, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা এবং অসহায় মানুষের জীবিকা নির্বাহের সুযোগ সৃষ্টি।
শিক্ষাক্ষেত্রে কচ্ছপঝিরি কারবারী পাড়া স্কুলে সিমেন্ট সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে শিক্ষা ব্যয় ও বেতন পরিশোধে আর্থিক সহযোগিতা করা হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে তাদের ঘরবাড়ি মেরামত ও পুনর্বাসনের জন্য টিন সহায়তা দেওয়া হয়। অন্যদিকে স্থানীয় অসহায় কৃষকদের কৃষিকাজে ফিরিয়ে আনতে এবং তাদের আয়-রোজগারের পথ সচল রাখতে বিভিন্ন ধরনের সবজির বীজ বিতরণ করা হয়েছে।
শুধু শিক্ষা ও পুনর্বাসন নয়, শারীরিকভাবে অসহায় মানুষের চলাচল ও জীবিকার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। একজন অসহায় ব্যক্তিকে সেলাই মেশিন এবং একজন বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার দেওয়া হয়েছে। এছাড়া দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসা ব্যয় মেটাতে আর্থিক সহায়তা এবং অসহায় পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
৫৭ বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি দুর্গম এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং তাদের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানোও তাদের দায়িত্বের অংশ। জনসম্পৃক্ততা বাড়ানো ও মানবিক সহায়তার মাধ্যমে সীমান্তবর্তী মানুষের জীবনযাত্রার উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ব্যাটালিয়নটি।