ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ২৫ প্যাকেট গাঁজাসহ একটি প্রাইভেটকার আটক করেছে স্থানীয় এলাকাবাসী। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফরদাবাদ এলাকা দিয়ে মাদকের একটি চালান পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় কয়েকজন নেতাকর্মী ও এলাকাবাসী বিষয়টি জানতে পারেন। পরে ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ, ইউসুফ নাহিদ কনক, শ্রমিক দল নেতা আবু কালাম আজাদ পিন্টু, চঞ্চল চৌধুরী ও শহিদুল ইসলাম কালার নেতৃত্বে স্থানীয় জনগণ ও নারীরা সড়কে ব্যারিকেড দিয়ে একটি প্রাইভেটকার আটক করেন।
পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে কমলা ও হলুদ রঙের বস্তায় মোড়ানো ২৫ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়রা জানান। এ সময় প্রাইভেটকারসহ দুই ব্যক্তিকে আটক করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশের এসআই কুদ্দুস ও এসআই মাসুদ রানা ঘটনাস্থলে পৌঁছান। পরে আটক দুই ব্যক্তি, প্রাইভেটকার ও উদ্ধার করা মাদকদ্রব্য থানায় নিয়ে যাওয়া হয়।
অভিযানের নেতৃত্বদানকারী ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ বলেন, “আমাদের গ্রামকে বাঁচানোর জন্য মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার। মাদকের সঙ্গে কোনো আপস নেই।”
ইউসুফ নাহিদ কনক বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি। এলাকার যুবসমাজকে ধ্বংস করতে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক পাচার করছে। আজ এলাকার মা-বোন ও জনগণ এক হয়ে তাদের ধরে দিয়েছে।”
শ্রমিক দল নেতা আবু কালাম আজাদ পিন্টু বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে স্থানীয় নারীরা জানান, সন্তানদের ভবিষ্যৎ রক্ষায় তারা মাদকের বিরুদ্ধে মাঠে নেমেছেন। এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না বলেও তারা জানান।
এ সময় স্থানীয় বিএনপি নেতা আলাউদ্দিন, কবির হোসেন, মহসিন আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্য পরীক্ষা-নিরীক্ষা করে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের চূড়ান্ত সত্যতা তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।