মো:রমিজ আলী,
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের অভিযোগে মীর গ্রুপকে ১১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পাহাড়ের মাটি কেটে স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকালে শুনানি গ্রহণ এবং অভিযোগের স্থান সরেজমিনে পরিদর্শনের পর এ জরিমানার নির্দেশ দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জমির উদ্দিন।
অধিদপ্তর সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের খিল্লাপাড়া এলাকায় রিসোর্ট নির্মাণকে কেন্দ্র করে পাহাড় কাটার অভিযোগ ওঠে মীর গ্রুপের বিরুদ্ধে। গত ১৯ অক্টোবর বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর পরিবেশ অধিদপ্তর তদন্তে নামে। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের শুনানিতে উপস্থিত হতে বলা হয় এবং কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনে উঠে আসে, কোনো ধরনের প্রয়োজনীয় অনুমতি ছাড়াই পাহাড় কেটে মাটি সরানো হয়েছে। অধিদপ্তরের প্রাথমিক হিসাব অনুযায়ী, কয়েক দিন ধরে ওই এলাকা থেকে প্রায় ১ হাজার ৭৫০ ঘনফুট পাহাড়ি মাটি কেটে অপসারণ করা হয়েছে। পরিবেশগত ছাড়পত্র কিংবা সাইট ক্লিয়ারেন্স ছাড়াই রিসোর্ট নির্মাণের উদ্যোগ নেওয়াকে পরিবেশ আইন লঙ্ঘন হিসেবে বিবেচনা করেছে কর্তৃপক্ষ।
শুনানিতে মীর গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগের প্রধান মোখতার হোসেন টিটু অংশ নেন। তিনি অধিদপ্তরের কাছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিজেদের বক্তব্য তুলে ধরেন। তবে শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে ১১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে আবারও পাহাড় কাটার ঘটনা ঘটলে মামলা করার বিষয়ে সতর্ক করে দেয় পরিবেশ অধিদপ্তর।
উল্লেখ্য, পাহাড় কাটার অভিযোগে মীর গ্রুপের বিরুদ্ধে এর আগেও ব্যবস্থা নেওয়া হয়েছিল। ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর পাহাড়সংলগ্ন প্রতিষ্ঠানটির মালিকানাধীন মীর ব্রিকস ইন্ডাস্ট্রিজকে একই ধরনের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করা হয়। ওই সময় ভ্রাম্যমাণ আদালত একজনকে তিন দিনের কারাদণ্ডও দেন।
পরিবেশ অধিদপ্তরের আদেশ অনুযায়ী, নির্ধারিত জরিমানার ২৫ শতাংশ অর্থ জমা দিয়ে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে প্রতিষ্ঠানটির।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে পাহাড় ও পরিবেশ সুরক্ষা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সচেতন মহলের মতে, শুধু জরিমানা নয়, সীতাকুণ্ডের পাহাড় রক্ষায় নিয়মিত নজরদারি এবং অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিশ্চিত করা জরুরি। অন্যথায় উন্নয়ন কিংবা পর্যটন স্থাপনার নামে প্রাকৃতিক পাহাড় ও জীববৈচিত্র্য ধ্বংসের ঝুঁকি থেকেই যাবে।