নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানিকগঞ্জে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) মানিকগঞ্জের মত্ত উচ্চ বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।
উঠান বৈঠকে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের অধিকার সংরক্ষণ, বাল্যবিবাহের নেতিবাচক প্রভাব এবং নারী ও শিশু পাচারের ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় এসব সামাজিক অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ এবং পাচারের মতো অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, একটি নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে নারী ও শিশুদের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।